রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে ভোট-পরবর্তী অশান্তি ঘিরে ক্রমশ কঠোর অবস্থান নিচ্ছে প্রশাসন। লালবাজারের পর এবার রাজ্য পুলিশের সদর দফতর ভবানীভবন থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হল, বুলডোজ়ারের ভয় দেখিয়ে অশান্তি সৃষ্টি বা সাধারণ মানুষকে আতঙ্কিত করার কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না। এমন ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ প্রশাসন।
বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত জানান, রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তাঁদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রশাসন গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
তিনি জানান, নির্বাচনের ফল ঘোষণার পর কয়েকটি জায়গা থেকে গোলমালের খবর এলেও বুধবার সকাল থেকে নতুন করে কোথাও অশান্তির ঘটনা সামনে আসেনি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে পুলিশ জোরদার পদক্ষেপ করেছে। এখনও পর্যন্ত ভোট-পরবর্তী হিংসা ও বিশৃঙ্খলার অভিযোগে মোট ২০০টি মামলা দায়ের হয়েছে। সেই সূত্রে ৪০০- এরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য গোলমাল এড়াতে প্রায় ১১০০ জনকে সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে।

