Hot News
- Advertisement -
Ad imageAd image

মোদি মুখোশ পরে মোবাইলের দোকানে চুরি! রাজস্থানের ভিলওয়াড়ায় ভাইরাল সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য।

ভারতের রাজস্থানের ভিলওয়াড়া জেলার কারেদা শহরে এক অভিনব চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের এক সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটিয়েছে। ঘটনাটির ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত সোমবার গভীর রাতে কারেদা বাসস্ট্যান্ড এলাকার একটি মোবাইলের দোকানে হানা দেয় একদল দুর্বৃত্ত। তারা দোকান থেকে প্রায় ৩৫ থেকে ৪০টি দামি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ থেকে ৫ লাখ রুপি।
মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে মালিক লক্ষ্মণ সেন দেখতে পান, দোকানের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং দামি মোবাইলের বাক্সগুলো খালি। এরপরই তিনি পুলিশে খবর দেন।
খবর পেয়ে কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পূরণমল মীনা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে পুলিশ দেখতে পায়, চোরদের একজন নরেন্দ্র মোদির মুখোশ পরে দোকানে ঢুকে চুরির ঘটনায় অংশ নিয়েছে।
পুলিশ জানিয়েছে, একই চোর চক্র ওই রাতেই বীজ গোদাম চৌরাহা এলাকার আরেকটি মোবাইলের দোকানেও চুরির চেষ্টা করেছিল। সেখানকার সিসিটিভি ফুটেজেও একই মুখোশধারী ব্যক্তিকে দোকানের শাটারের তালা ভাঙার চেষ্টা করতে দেখা যায়। তবে তালা ভাঙতে ব্যর্থ হওয়ায় সেখানে তারা চুরি করতে পারেনি।
কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পূরণমল মীনা জানান, দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত জোরদার করা হয়েছে। পুলিশের আশা, খুব শিগগিরই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।
এই ব্যতিক্রমী চুরির ঘটনায় কারেদা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। পুলিশ ব্যবসায়ীদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দিয়েছে।

আমাদের নিউজলেটার জন্য সাইন আপ করুন